Mahfuzur Rahman Manik
ইয়াং এডুকেটরস লিডারশিপ সামিট: তরুণ শিক্ষাবিজ্ঞানীদের অন্যরকম দিন
ফেব্রুয়ারি 7, 2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী কানিজ ফাতেমা সেতু যোগ দিয়েছিলেন ইয়াং এডুকেটরস লিডারশিপ সামিট ২০২৫-এ। ২৪ অক্টোবর শিক্ষা অধিকার সংসদ আয়োজিত জাতীয় শিক্ষা একাডেমি-নায়েমে অনুষ্ঠিত এ সামিটের মূল্যায়ন ফর্মে সেতু লিখেছেন, ক্যারিয়ার সেশনটি তাঁর কাছে সবচেয়ে ভালো লেগেছে। বস্তুত সামিটের গুরুত্বপূর্ণ অধিবেশন ছিল ‘ক্যারিয়ার পাথওয়েস একরোস সেক্টরস- গভর্নমেন্ট, এনজিও অ্যান্ড একাডেমিয়া।’ এ অধিবেশনে প্যানেল ডিসকাশন হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রধান মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে।

বিভিন্ন অধিবেশন ও বিষয়ভিত্তিক আলোচনায় সাজানো হয় ইয়াং এডুকেটরস লিডারশিপ সামিট, যেখানে প্রধানত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটসহ শিক্ষাবিজ্ঞানের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ের বাছাইকৃত সম্ভাবনাময় প্রায় দেড়শ শিক্ষার্থী ও ইয়াং প্রফেশনালস নিবন্ধনের মাধ্যমে এ সামিটে অংশ নেয়। সামিটে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইইআরের শিক্ষার্থী মালিহা মেহনাজ অবশ্য বলছেন, সবগুলো সেশনই তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। 

সামিটের অন্যতম অধিবেশন ছিলো– ‘রিইম্যাজিনিং এডুকেশন ইন বাংলাদেশ টু পয়েন্ট জিরো: ভিশন টোয়েন্টি থার্টি অ্যান্ড বিয়ন্ড। শিক্ষা অধিকার সংসদের আহ্বায়ক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসরয়াল ফেলো অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহর সভাপতিত্বে এ অধিবেশনে অতিথি হিসেবে ছিলেন জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির সদস্য ও বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া; মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব ড. খ ম কবিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সাবেক চেয়ারম্যান অধ্যাপক হোসনে আরা বেগম ও নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. মো. জুলফিকার হায়দার।

শিক্ষাদ্যোক্তার তৈরিতে প্রেরণার জন্য এডুপ্রেনিয়রশিপ: অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জে অধিবেশনে বক্তব্য দেন রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিজেডএমের চেয়ারম্যান নিয়াজ রহিম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডিন ও হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আমিরুল ইসলাম ও বাংলার ম্যাথের কো-ফাউন্ডার ইঞ্জিনিয়ার আহমেদ শাহরিয়ার। সামিটে অতিথি হিসেবে অংশ নিয়ে শিশু, মানবাধিকার ও জলবায়ু কর্মী ফাতিহা আয়াত বলেন, আমি নিউইয়র্কে পড়াশোনা করেছি। এখন দেশে এসে স্কুল পর্যায়ে ভর্তি হয়েছি। দুই জায়গার পড়াশোনা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের কারিকুলামে চিন্তা-দক্ষতা বৃদ্ধির সুযোগ থাকে না বললেই চলে। সন্ধ্যায় সার্টিফিকেট প্রদানের মাধ্যমে ইয়াং এডুকেটরস লিডারশিপ সামিট সমাপ্ত হয়। 

Samakal : ২৭ অক্টোবর ২০২৫ তরুণ শিক্ষাবিজ্ঞানীদের অন্যরকম দিন

ট্যাগঃ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।